একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

আকাশে এখন ক্ষীণ চাঁদ, নতুন চাঁদের অপেক্ষা

কালধারা বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রাতের আকাশে এখন চাঁদ খুবই ক্ষীণ। পৃথিবী থেকে দেখা যাচ্ছে চাঁদের শেষ ধাপ, যাকে বলা হয় ক্ষয়মান অর্ধচন্দ্র বা ওয়ানিং ক্রিসেন্ট। নাসার তথ্য অনুযায়ী, ১৭ ডিসেম্বর চাঁদের মাত্র ২ শতাংশ অংশ আলোয় উদ্ভাসিত ছিল। তাই খালি চোখে চাঁদ দেখা বেশ কঠিন হয়ে পড়েছে।

এই পর্যায়টি চন্দ্রচক্রের শেষ ধাপ। একটি পূর্ণ চন্দ্রচক্র সম্পন্ন হতে সময় লাগে প্রায় ২৯ দশমিক ৫ দিন। এই সময়ে চাঁদ ধীরে ধীরে আটটি ভিন্ন অবস্থার মধ্য দিয়ে যায়। চক্র শুরু হয় অমাবস্যা দিয়ে, যখন চাঁদ একেবারেই দেখা যায় না। এরপর ধাপে ধাপে চাঁদের আলো বাড়ে এবং পূর্ণিমায় পুরো চাঁদ আলোয় ভরে ওঠে। পরে আবার আলো কমতে থাকে এবং শেষ হয় ক্ষয়মান অর্ধচন্দ্র দিয়ে।

বর্তমান এই ধাপের পর খুব শিগগিরই আকাশে দেখা যাবে নতুন চাঁদ বা অমাবস্যা। এরপর আবার চাঁদের আলো বাড়তে শুরু করবে। পরবর্তী পূর্ণিমা হবে আগামী ৩ জানুয়ারি। এর আগে সর্বশেষ পূর্ণিমা দেখা গিয়েছিল ৪ ডিসেম্বর।

নাসা জানায়, চাঁদের এই বিভিন্ন রূপ আসলে চাঁদের নিজের আলো নয়। সূর্যের আলো চাঁদের গায়ে পড়ে প্রতিফলিত হয়ে আমরা তা দেখি। চাঁদ যখন পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, তখন সূর্যের আলো পড়ার কোণ বদলায়। এর ফলেই চাঁদের কখনো পুরোটা, কখনো অর্ধেক, আবার কখনো খুব সামান্য অংশ আলোকিত দেখা যায়।

চাঁদের ধাপ সম্পর্কে জানা থাকলে আকাশ পর্যবেক্ষণ সহজ হয়। কখন চাঁদ উজ্জ্বল থাকবে আর কখন কম আলো থাকবে, তা আগেই বোঝা যায়। তাই আকাশপ্রেমী ও সাধারণ মানুষের জন্য চাঁদের এই পরিবর্তন জানা বেশ কাজে আসে।
কালধারা/এআর