আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে শান্তিপূর্ণভাবে কুরআনের আইন প্রতিষ্ঠায় ইসলামী সমাজের অঙ্গীকার, ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর
হানিফ মুন্সী:
ইসলামী সমাজ এর উদ্যোগে রবিবার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা বাজার সংলগ্ন খানবাড়ী বালুর মাঠে গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থা এবং সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত আল কুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করে সমাজ ও রাষ্ট্রে রাসূলুল্লাহ্ মুহাম্মাদ (সাঃ) প্রদর্শিত পদ্ধতিতে আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে “মানুষের নয়” সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর এ মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠন এবং মৃত সকল ঈমানদার ভাই-বোনদের রুহের মাগফিরাত ও সকল মানুষের সার্বিক কল্যাণে দু’আর লক্ষ্যে- ২৮তম বার্ষিক ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন- সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় সংবিধান। আলকুরআনই হলো মানব জাতির জন্য কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান। আলকুরআনের স্পষ্ট ঘোষণা মানুষের সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র বিশ্ব জগতের চূড়ান্ত মালিকানা এবং এসবের জন্য আইন-বিধান দেয়ার সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর, মানুষের নয়-ফলে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, এরই বাস্তবায়নে শর্তহীন আনুগত্য-অনুসরণ ও অনুকরণ একমাত্র হযরত মুহাম্মাদ (সাঃ) এর, অন্য কারো নয়- এসবই মহাসত্য।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ প্রায় ৫৪ বছর পর্যন্ত গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধানের আনুগত্যের অঙ্গীকারে বন্দি হয়ে মানুষের মনগড়া আলকুরআন বিরোধী আইন-বিধান পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের অবাধ্য হয়ে তাঁর সাথে শিরকে লিপ্ত হয়ে আছে, যার কারণে দেশ ও জাতির মানুষ ভয়াবহ আযাব-গজবের মূখোমূখি অবস্থান করছে। গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থাই মূলতঃ জাহিলিয়্যাত।
সৈয়দ হুমায়ূন কবীর বলেন, গণতন্ত্রের অধীনে নির্বাচন কিংবা সশস্ত্র লড়াই নয়। ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে ঈমানদারগণের সমাজ তথা ইসলামী সমাজ গঠন আন্দোলনই আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় ঈমানদারগণের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের রাসূলুল্লাহ্ (সাঃ) প্রদর্শিত একমাত্র পদ্ধতি। একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই ইসলামী সমাজ আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে মানুষের জীবনে আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকলকে তিনি ইসলামী সমাজে শামিল হয়ে কল্যাণ ও মুক্তির পথে জীবন, সমাজ ও রাষ্ট্র গড়ার ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করার আহ্বান জানান।
হাফিজুর রহমান, হুমায়ূন কবীর, আবু জাফর মুহাম্মাদ সালেহ ও সেলিম মোল্লা’র যৌথ সঞ্চালনায় ৪ পর্বে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে আরও বক্তব্য রাখেন- মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, সোলায়মান কবীর, মোঃ নুরুদ্দিন, আমীর হোসাইন, আজমুল হক, আসাদুজ্জামান বুলবুল, মুহাম্মাদ আলী জিন্নাহ্, আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম প্রমূখ।