একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

ইংল্যান্ডের সাবেক অধিনায়কের পিতৃবিয়োগ

কালধারা ক্রীড়া ডেস্ক : পিতাকে হারালেন মাইকেল ভন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর গতকাল মৃত্যুর কাছে হার মেনেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়কের বাবা গ্রাহাম।

বাবা হারানোর সংবাদ নিজেই নিশ্চিত করেছেন ভন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে ৫১ বছর বয়সী সাবেক ব্যাটার জানান, আইডলকে হারিয়েছেন তিনি।

সাবেক ইংলিশ অধিনায়ক লিখেছেন, ‘গতকাল টাইপ করার সময় আমার হৃদয়ে ভারী হয়ে আসছিল এবং চোখ দিযে অশ্রু ঝরছিল। আমার নায়ক, মেন্টর, সেরা বন্ধু এবং সর্বকালের সেরা বাবাকে বিদায় জানালাম।’

তার বাবাকে হাসপাতালে ভর্তি করার সময় অ্যাডিলেড টেস্টে ধারাভাষ্যকারে ভূমিকায় ছিলেন ভন। পরে সংবাদ পেয়েই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যেকার তৃতীয় টেস্ট চলাকালীন সময় অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

বাবার সঙ্গে কাটানো শেষ ৩০ ঘণ্টাকে জীবনের বিশেষ সময় বলে জানিয়েছেন ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৭০ ম্যাচ খেলা ব্যাটার।
ভন বলেছেন, ‘তিনি শান্তভাবে এবং ব্যথা ছাড়াই আমার ভাইয়ের বাহুতে বিদায় নিয়েছেন…। আমি খুবই সৌভাগ্যবান যে তার সঙ্গে শেষবারের মতো বিশেষ ৩০ ঘণ্টা কাটাতে পেরেছি। এ সময় তার সঙ্গে কথা বলেছি, কেঁদেছি এবং সব সময়ের মতো হাসাহাসি করেছি।’

বাবা হারানো ভনকে সমবেদনা জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি নেভিল, ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কোচ ডেভিড লয়েড, অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম্প গিলক্রিস্টসহ আরও অনেকে।
কালধারা/এআর