একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

দাউদকান্দিতে বাড়ির পাশে বৃদ্ধার লাশ উদ্ধার

আজ বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

অনলাইন ডেস্ক: 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামে মান্নান মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান মিয়া ওই গ্রামের মৃত আলী আজগরের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন করতেন। প্রতিদিন সন্ধ্যার পর স্থানীয় নাসিমা বেগমের চায়ের দোকানে সময় কাটাতেন। মঙ্গলবার (২০ মে) রাতেও তিনি যথারীতি দোকানে যান। পরে রাতে আর ঘরে ফেরেননি।

মান্নান মিয়ার ছেলে মো. সোহেল জানান, “সন্ধ্যায় আমি দোকানে বসেছিলাম। বাবা এলে আমি ঘরে ফিরে যাই। রাত সাড়ে ৯টার দিকেও দেখি বাবা দোকানে বসা। কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে পাশের ঘরের লোকজন এসে জানায়, আমার বাবাকে মেরে ফেলে রাখা হয়েছে।”

তিনি কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, “আমার বাবা সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। তার কোনো শত্রু ছিল না। আমি বাবার হত্যার সঠিক তদন্ত এবং দোষীদের ফাঁসির দাবি জানাই।”

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, “মান্নান মিয়ার মরদেহ তার বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে যেখানে মরদেহ পাওয়া গেছে, সেখানকার মাটিতে টেনে হিঁচড়ে নেওয়ার মতো চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে, ঘটনার রাতে চায়ের দোকানে উপস্থিত থাকা নাসিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।