পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
মঈন উদ্দিন মাহমুদ(স্টাফ রিপোর্টার):
চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে থানার লুট হওয়া একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি ও ছিনতাই কাজে ব্যবহার করা কয়েকটি ছুরি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২৫ ইং রাত ২:৩০ মিনিটে পাহাড়তলীর রাণী রাসমণি ঘাট গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থানা থেকে এসব অস্ত্র ও গুলি লুট করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত পেশাদার ছিনতাইকারী মাঈনুর ইসলাম মামুন (২০) ও মো. জামাল (২৬) এর কাছ থেকে পাহাড়তলী থানার লুট হওয়া একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি এবং ছিনতাইয়ের সময় ব্যবহার করা কয়েকটি ছুরি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, গ্রেপ্তারকৃত দুই যুবক মাঈনুর ইসলাম মামুন (২০) ও মো. জামাল (২৬) ছিনতাইকারী দলের সদস্য। তারা পুরো শহরজুড়ে রাস্তাঘাটে, নির্জন এলাকায় পথচারী, রিকশা কিংবা অটোরিকশার যাত্রীদের অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে আসছিলো। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, থানায় লুটপাটে তারা দু’জন অংশ নিয়েছিল।লুটপাটের সময় থানার মালখানা থেকে রিভলবার ও গুলি নিয়ে যায় তারা।