একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বোয়ালখালীতে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সবুজ অরণ্য, চট্টগ্রাম অফিস:

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা।

বৃহস্পতিবার ২৯ মে ২৫ ইং সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের স্বাস্থ্য কর্মসূচির আওতায় এই অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি।

ব্র্যাকের মাঠ সমন্বয়কারী ছোটন সূত্রধর এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
সালমা ইসলাম, আরএমও ডাঃ সুফিয়ান সিদ্দিকী, মেডিকেল অফিসার ডাঃ তোফায়েল আহমেদ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার রাকিব ভূঁইয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শুধু অবহিতকরণই স্থায়ী সমাধান নয়, আমাদের হতে হবে সচেতন। প্রত্যেকে তার স্বীয় অবস্থান থেকে এগিয়ে এসে সরকারি বেসরকারি উন্নয়ন আর উদ্যোগকে সহযোগিতা করতে হবে। সরকারের সকল উদ্যোগ আর উন্নয়ন হলো জনবান্ধব এবং জনকল্যাণে, তাই সচেতন নাগরিক হিসেবে এর সুফল ভোগ করার জন্য এগিয়ে আসতে হবে।”

সভায় উপস্থিত মুক্ত আলোচনায় অংশ নেন, পরিসংখ্যান কর্মকর্তা সুজন সিংহ, হেলথ ইন্সপেক্টর পরিতোষ বড়ুয়া, স্টোর কিপার তানভীর আহমেদ, টিএলসি মোহাম্মদ সোয়াইন আহমেদ, সুমি আচার্য ও জাহিদুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সেনেটারি ইন্সপেক্টর, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স, যুব রেড ক্রিসেন্ট’র সমন্বয়ক, বিডি ক্লিন এর প্রতিনিধি, রোভার স্কাউটস প্রতিনিধি, স্থানীয় মসজিদের ইমাম, পুরোহিতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় করনীয় বিষয়ে আলোচনার পাশাপাশি বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনস্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সহজ প্রাপ্যতা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব জীবনযাপন গড়ে তোলা অত্যন্ত জরুরি।