একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুরি হওয়া ৩ লক্ষ টাকার ক্যাবল তার উদ্ধার

নয়ন শীল:

কর্তব্যরত আনসারের গলায় ছুরি  ঠেকিয়ে রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে চুরি হওয়া ক্যাবল তার উদ্ধার করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা।

বুধবার ৯ এপ্রিল ২৫ ইং রাতে বৈদ্যুতিক ক্যাবল তারগুলো চুরি হলেও চুরির ৩ দিন পর শুক্রবার ১১ এপ্রিল দিবাগত রাত ১টায় কাপ্তাই কর্ণফুলী নদীর পাশে বনফুল রেস্ট হাউজ এর নীচ থেকে চুরি হওয়া ক্যাবল তারগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত হোসেন কবির বলেন, বিগত বুধবার দিবাগত রাত আনুমানিক ১ টায় বিদ্যুৎ কেন্দ্রের নতুনবাজার কার্গো এলাকায় প্রবেশ করে ৪-৫ জনের চোরের দল।এসময় তারা কর্তব্যরত আনসার মোশাররফের গলায় ছুরি ঠেকিয়ে জবাই  করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে।এসময় কর্তব্যরত আনসার সদস্য পাশে কার্গো অফিসে কর্তব্যরত নিরাপত্তা প্রহরী শরিফ উদ্দিনের সাহায্য চাইলে সাহায্য করতে করতে এগিয়ে আসে শরীফ।এসময় চোরের দল তাদের সাথে কথা কাটাকাটি করে সময় ক্ষেপণ করে।  এক পর্যায়ে কিছু চোর কার্গো অফিসের তালা কেটে তিন লক্ষ টাকা মূল্যের বৈদ্যুতিক ক্যাবল তার  চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়ার ৩ দিন পর গোপন সুত্রে খবর পেয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা  বাহিনী,  আনসার এপিসি  কমান্ডার লিয়াকত, কমান্ডার ইসমাইল  সহ ব্যাপক অনুসন্ধান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে কর্ণফুলী নদীর  পাশে অবস্থিত বনফুল রেস্ট হাউজ এর নীচ থেকে চুরি হওয়া বৈদ্যুতিক ক্যাবল তার উদ্ধার করা হয়।