কর্ণফুলী নদীতে অভিযানে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল ধ্বংস
দোলন কান্তি দে(রিপোর্টার):
কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ ঘোষিত জাল জব্দ করা হয়েছে।পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ১২ এপ্রিল ২৫ ইং সকালে বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে কর্ণফুলি নদীর কালুরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, কারেন্ট জাল, খুঁটি জাল, চরঘেরা জাল, মশারি জাল ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে অভিযান চালিয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিষিদ্ধ ২টি বেহুন্দি জাল, ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি বৃহদকার চরঘেরা জাল জব্দ করা হয়।পরবর্তীতে জব্দকৃত জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী হালদা প্রজনন মৌসুমে হালদাকে রক্ষা করার প্রয়োজনে “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় চরঘেরা জাল, বেহুন্দী জাল ও কারেন্ট জালসহ যেসব নিষিদ্ধ জাল আছে সেগুলো ধ্বংসে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।হালদার মাছ সংরক্ষণের পাশাপাশি দেশীয় মাছসহ মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অভিযান চলমান থাকলেও এই মাসটিকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা অভিযানগুলো পরিচালনা করছি।