চট্টগ্রামে কে আর শীপ রিসাইক্লিং ইয়ার্ডে ডাকাতি অভিযোগ, নিহত ২
রাজীব চক্রবর্ত্তী:
চট্টগ্রামের সীতাকুন্ডের কুমিরার কে আর শীপ রিসাইক্লিং ইয়ার্ডে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ইয়ার্ড কর্তৃপক্ষ। এ ঘটনায় ডাকাতদের আক্রমণে
সাইফুল ইসলাম ও আবদুল খালেক নামের দুইজন নিহত হয়েছে বলে জানান তারা।নিহত দুজনই জাহাজভাঙা কারখানার শ্রমিক।
সোমবার ৫ জানুয়ারি ২৬ ইং সকাল ৮টায় ফায়ার সার্ভিসের একটি দল তাদের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, নিহতরা কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ড নামক জাহাজ ভাঙা কারখানার শ্রমিক ছিলেন। তাদের দুইজনের লাশ উদ্ধারের পাশাপাশি আশরাফুল ইসলাম ও রুবেল হাসান নামের আরো দুই শ্রমিককে সকালে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে ওই শ্রমিকেরা একটি নৌকা (লাল বোট) নিয়ে উপকূলের কারখানাটি পাহারা দিচ্ছিলেন। কারখানাটিতে একটি ডাকাতদল মালামাল লুট করতে এলে ওই শ্রমিকেরা তাঁদের প্রতিরোধ করতে যান। এ সময় ডাকাতদলের ধারালো অস্ত্রের কোপে একজনের দেহ খণ্ডবিখণ্ড হয়ে গেছে। বাকি শ্রমিকেরা এ সময় নৌকা থেকে সাগরে লাফ দিলে সেখানে আরও এক শ্রমিকের মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না জানান,গতকাল রাত আনুমানিক দুইটার সময় দুইটা বড় কালো বোটে করে প্রায় ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমারে ইয়ার্ডে থাকা নতুন একটা জাহাজে হামলা দেয়। এসময় আমাদের ৭-৮ জন গার্ড ওই ডাকাতদের আটকানোর জন্য গেলে দেশীয় অস্ত্র দিয়ে তারা হামলা চালায়।এই ঘটনার তিনমাস পূর্বেও একই ডাকাতদল আমাদের ইয়ার্ডে এসে দুইটা বোট এবং আনুমানিক ৮-১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
কারখানা কর্তৃপক্ষ ডাকাতের হামলায় দুই শ্রমিকের মৃত্যুর দাবি করলেও ভিন্ন দাবি করেছে পুলিশ, জাহাজভাঙা শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, জাহাজভাঙা কারখানাটিতে নতুন একটি জাহাজ তোলার সময় সৃষ্ট দুর্ঘটনায় সেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকেরা যে নৌকায় ছিলেন জাহাজটির ধাক্কায় সেটিও ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান,ডাকাতির একটা প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। দুইজন নিহত হয়েছে। আমাদের তদন্ত চলমান। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।
তবে শিল্প পুলিশের পরিদর্শক নাহিদ হাসান মৃধা বলেন, ‘জাহাজ বিচিং করার সময় দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।