পতেঙ্গা সমুদ্র সৈকতে হচ্ছে অত্যাধুনিক মানের ‘নাগরিক সুবিধা কমপ্লেক্স’
নয়ন শীল:
চট্টগ্রাম নগরীতে আগত পর্যটকদের জন্য নগরীর পতেঙ্গা বিচ এলাকায় ১৫ কাটা জমিতে তিনতলা বিশিষ্ট আধুনিক মানের ‘নাগরিক সুবিধা কমপ্লেক্স’ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
চট্টগ্রাম নগর ও উপজেলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পতেঙ্গা বিচে আসা পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম।
জানা যায়, নিচতলায় ওয়াশরুম ও গোসলের ব্যবস্থা সম্বলিত কমপ্লেক্সটিতে নারী ও পুরুষদের জন্য থাকবে ১০টি করে মোট ২০টি টয়লেট।এছাড়াও নারীদের জন্য হাইজিন কর্ণার, ব্রেস্ট ফিডিং কর্ণার, বার্থিং এর ব্যবস্থা এবং লকারসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে কমপ্লেক্সটিতে। দোতলায় নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ও তৃতীয় তলায় ওয়াচ টাওয়ার ও রেস্টুরেন্ট এর ব্যবস্থা থাকবে।
এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য মতে, বিশেষ দিন বা জাতীয় দিবসে পতেঙ্গা সমুদ্র সৈকতে আনুমানিক দেড় লাখের মতো লোকের সমাগম হয়। এছাড়াও শুক্রবারে প্রায় এক লাখের বেশি এবং দৈনিক ১০ হাজার মত লোকের সমাগম হয় পতেঙ্গা বিচে। সমুদ্র সৈকত এলাকায় নামাজের কোন বিশেষ ব্যবস্থা নেই। ফলে বিচ এলাকায় ঘুরতে আসা লোকজন নামাজ আদায় করা নিয়ে দুশ্চিন্তায় পড়েন।এছাড়াও এত মানুষের জন্য সিডিএ’র নির্মিত একটি মাত্র টয়লেট ছাড়া বিকল্প কোন মানসম্মত টয়লেট নেই।
এ বিষয়ে সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানান, চট্টগ্রাম ও বাইরে থেকে বিভিন্ন উৎসবে লক্ষাধিক পর্যটক পতেঙ্গায় ঘুরতে আসে। পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে বিগত বছরে আমরা একটি অত্যাধুনিক টয়লেট নির্মাণ করেছি যা সৈকত এলাকায় আগত লোকজনের জন্য পর্যাপ্ত নয়। এছাড়াও মূল বিচে নামাজের কোন ব্যবস্থা না থাকায় নামাজের ব্যবস্থা করার জন্য পর্যটকরা আমাদের অনুরোধ করেছেন। তাই পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে পতেঙ্গা বিচের মূল পয়েন্টে ‘নাগরিক সুবিধা কমপ্লেক্স’ নির্মাণে কাজ শুরু করছি।