বগুড়া-২ আসনে নাগরিক ঐক্য প্রার্থী মান্নার মনোনয়ন বাতিল
চৈতি চৌধুরীঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে বগুড়া-২ আসনের নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
শুক্রবার ২ জানুয়ারি বিকালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মাহমুদুর রহমান মান্নার পক্ষে প্রতিনিধি হিসেবে নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।মনোনয়ন দাখিলের সময় ফৌজদারি মামলার কোনো তথ্য প্রদান করা হয়নি।এছাড়াও হলফনামায় এফিডেভিট সম্পাদনের এক দিন পর তিনি স্বাক্ষর করেছেন। একই সাথে সম্পদ বিবরণীর ফরম দাখিল করা হয়নি যা অসংগতিপূর্ণ। মাহমুদুর রহমান মান্না চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থিতা বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
এ বিষয়ে নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার বলেন, নোটারি পাবলিকে এফিডেভিট সম্পাদনের দিনই মাহমুদুর রহমান মান্না স্বাক্ষর করেছেন। প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থীর পক্ষে উপস্থিত নেতা–কর্মীদের চাপে পড়ে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন।এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো এবং নিশ্চিতভাবে প্রার্থিতা ফিরে পাবেন মাহমুদুর রহমান মান্না।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি ইসিতে আপিল করা যাবে।আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি করবে ইসি।