বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডার সহ নিহত ২
সুমন বড়ুয়া:
বান্দরবান জেলার রুমা উপজেলার দূর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মি(কেএনএ) এর ১ জন সামরিক কমান্ডার সহ ২ কেএনএ সদস্য নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন (আইএসপিআর)।
বৃহস্পতিবার ৩ই জুলাই সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মোঃ রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে রুমার দূর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত কেএনএ এর গোপন ঘাটিতে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।অভিযানে দু পক্ষের গুলাগুলির একপর্যায়ে কেএনএফ এর সামরিক শাখা কেএনএ এর দুই সদস্য নিহত হয়। এসময় ঘটনাস্থল হতে ৩ টি এসএমজি, ১ টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।গোপন ঘাটির আশেপাশে কেএনএর আরো সক্রিয় সদস্য অবস্থান করছে বলে ধারনা করা হচ্ছে।শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত আছে বলে আইএসপিআর এর দেয়া তথ্যে জানানো হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ শে মে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি সীমান্তবর্তী এলাকা রোনিন পাড়া ও পাইক্ষ্যং পাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ) এর সশস্ত্র শাখার তিন সদস্য নিহত হয়েছিলো।
বিগত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সংশ্লিষ্টতা থাকায় বিভিন্ন স্থানে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।