একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মোঃ নাসির উদ্দিন গাজীপুর থেকে : মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে গাজীপুর জেলায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার গাজীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার এবং গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করে। মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর সদস্যরা সম্মুখযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনেক পুলিশ সদস্য শহীদ হন, অনেকে আহত হন এবং বীরত্বপূর্ণ ভূমিকার জন্য অনেকেই বিভিন্ন খেতাবে ভূষিত হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু খায়ের, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মাহবুবুর রহমানসহ গাজীপুর জেলার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও শ্রদ্ধায় ভরপুর, যা বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের প্রতি গভীর সম্মান প্রদর্শনের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে