মহান বিজয় দিবসে আল মুসাইদাহ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ; ৬০নং স্বাবলম্বীকরণ প্রকল্প
আব্দুল কাদের রুবেল(চট্টগ্রাম):
মহান বিজয় দিবসে স্বাধীনতার আনন্দে যখন চারপাশ মুখর, তখনও কিছু মানুষের জীবনে বিজয়ের অর্থ কেবল বেঁচে থাকার লড়াই। প্রতিদিনের অনিশ্চিত জীবনের ভার কাঁধে নিয়ে নীরবে কষ্ট সহ্য করে যাওয়া এমনই একজন মানুষ মো. কাদের। অভাব, দারিদ্র্য আর অসহায়ত্ব তার নিত্যসঙ্গী। তবুও পরিবারকে বাঁচাতে হাল ছাড়েননি তিনি।
এই হৃদয়বিদারক বাস্তবতার মাঝে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে মো. কাদেরের পাশে দাঁড়াল আল মুসাইদাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে ভ্যানভর্তি শাকসবজি ও প্রয়োজনীয় মালামালসহ তার হাতে তুলে দেওয়া হয় ৬০ নং স্বাবলম্বীকরণ প্রকল্প। দীর্ঘদিন পর মো. কাদেরের চোখে দেখা গেল স্বস্তির জল আর বেঁচে থাকার নতুন স্বপ্ন।অভাবের অন্ধকারে হারিয়ে যাওয়া মো. কাদেরের জীবনে ফিরল বেঁচে থাকার আলো।
প্রকল্প গ্রহণকালে আবেগে কাঁপা কণ্ঠে মো. কাদের বলেন, “জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু কাউকে কিছু বলতে পারিনি। আজ মনে হচ্ছে, আল্লাহ হয়তো আমার দিকে তাকিয়েছেন।” এই সহায়তা তার পরিবারের মুখে দু’মুঠো খাবার নিশ্চিত করার পাশাপাশি তাকে আত্মমর্যাদার সঙ্গে বাঁচার সাহস জুগিয়েছে।
আল মুসাইদাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের জীবনে স্বাবলম্বিতা ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। মহান বিজয় দিবসে একজন দরিদ্র মানুষের চোখের পানি মুছে দিতে পারাই তাদের কাছে প্রকৃত বিজয়।
অনুষ্ঠানে উপস্থিত ফাউন্ডেশনের সদস্যরা বলেন, যতদিন অসহায় মানুষ কষ্টে থাকবে, ততদিন আল মুসাইদাহ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।