একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

২৮ টাকা কমলো এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম

বশিরুল ইসলাম:

ভোক্তা পর্যায়ে ১২ কেজি ওজনের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস(এলপিজি)সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছে।মার্চ মাস হতে ২৮ টাকা কমে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম।

সোমবার ৩ মার্চ ২৫ ইং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান জালাল আহমেদ এ নতুন দাম ঘোষণা করেন। আজ ৩ মার্চ সন্ধ্যা হতে নতুন দর কার্যকর হবে বলে জানান তিনি।

প্রতি মাসে এলপিজির এই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো যা সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত।সৌদি আরবের সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২০ টাকা ৮১ পয়সা, যা গত মাসে ছিল ১২৩ টাকা ১৬ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হয়।গাড়িতে ব্যবহৃত এলপিজির আগের দাম ৬৭ টাকা ৭৪ পয়সা থাকলেও নতুন দাম প্রতি লিটার ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।তবে সরকারি কোম্পানির সরবরাহ করা ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রয়েছে।

তবে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করা হলেও ভোক্তা পর্যায়ে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অনেক অভিযোগ আছে।