বোয়ালখালীতে গলায় ওড়না পেঁচানো নারীর মরদেহ উদ্ধার
বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকার ভাড়াবাসা থেকে রোজী আক্তার (২৭) নামের এক নারীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ২ মার্চ ২৫ ইং দিবাগত রাতে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকার একটি ভবনের ৪র্থ তলার ভাড়াবাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
রোজী আক্তার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার মহিবুল আবচারের স্ত্রী।
বিষয়টি নিশ্চত করে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.শাহজাহান জানান, বাসার শয়ন কক্ষের খাটের উপর থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রোজী আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, নারীর মরদেহ উদ্ধারের ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।