বগুড়ায় প্রেমিকাকে হত্যার দায়ে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে আসামী হাবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের ও আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার ১৮ মার্চ ২৫ ইং দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এর আদালত এ রায় প্রদান করেন।রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল বাছেদ বলেন, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাট গ্রামের আজিবর রহমানের মেয়ে জয়তারা বেগমের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। পরে তিনি বাবার বাড়িতে দর্জির কাজ শুরু করেন। এর মধ্যে হবিবরের দুই স্ত্রী থাকার পরেও জয়তারার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন।
বিগত ২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে প্রেমিক হবিবর জয়তারা বেগমকে সোনাতলা স্টেশনে ডেকে আনেন। সেখান থেকে হবিবর জয়তারাকে তার বাড়িতে নিয়ে যান। সেখান গেলে দুই স্ত্রীর সঙ্গে জয়তারার ঝগড়া হয়। একপর্যায়ে হবিবর জয়তারাকে মাঠে ডেকে নিয়ে যান এবং গলা টিপে হত্যা করে মরদেহ ওই মাঠেই ফেলে রেখে পালিয়ে যান।
পরবর্তীতে হত্যাকান্ডের ঘটনার দুই দিন পর পুলিশ জয়তারার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হত্যার শিকার জয়তারার বড় ভাই দুলু ব্যাপারী মামলা দায়ের করলে গ্রেপ্তার হন হাবিবর রহমান। পরবর্তীতে হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ পাঁচ বছর পর বিচার প্রক্রিয়া শেষে মামলার রায় ঘোষণা করেন আদালত।
দণ্ডপ্রাপ্ত হবিবর রহমান মন্ডল বগুড়ার সোনাতলা উপজেলার রাখালগাছি গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে।