মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে-ড. মোহাম্মদ জিয়াউদ্দীন
নয়ন শীলঃ
মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন।
মঙ্গলবার ২৫শে মার্চ ২৫ ইং সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ বক্তব্য প্রদান করেন তিনি।এ সময় গণহত্যা, ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্যও তুলে ধরা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান । মুক্তিযুদ্ধের ইতিহাস কখনও ম্লান হবে না। মুক্তিযুদ্ধ আমাদের সাহস, বিশ্বাস ও চেতনা। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।
তিনি আরো বলেন, ২৫ শে মার্চ আমরা গণহত্যা দিবস হিসেবে পালন করি। ওইদিন মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ‘অপারেশন সার্চ লাইট’ নামে বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্য চালিয়েছিলো। সে সময় সারা দেশের ন্যায় চট্টগ্রামেও গণহত্যা সংঘটিত হয়েছিল। এর বিরুদ্ধে ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তুলেছিলো বাঙ্গালীরা। এটা চট্টগ্রামের জন্য গর্বের। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এখনে উপস্থিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে তারা সে ইতিহাস শুনেছে। এতে করে তারা পরবর্তী প্রজন্মের কাছে এ ইতিহাস ছড়িয়ে দিতে পারবে।
এ সময় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু সহ বীর মুক্তিযোদ্ধারা গণহত্যা নিয়ে স্মৃতিচারণমূলক বক্তৃতা প্রদান করেন।