একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

এনআইডি’র তথ্য বিক্রি; সাবেক সিনিয়র সচিব জিয়াউল চট্টগ্রামে গ্রেপ্তার

নয়ন শীল:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

১১ কোটিরও বেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্র(এনআইডি) সহ
৪৬ ধরণের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সব তথ্য বিক্রি করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার ৫ মার্চ ২৫ ইং রাতে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় ডাঃ হাবিব নামের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বাসায় আত্মগোপন থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়।

সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি আশরাফুজ্জামান দৌলা জানান, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় একটি মামলা করা হয়। এ মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিবকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিএমপির পাঁচলাইশ থানার ওসি মো.সোলেয়মান জানান, পাঁচলাইশ আবাসিক এলাকার ডাঃ হাবিব নামের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বাসায় আত্মগোপন থাকা অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই চিকিৎসক তার আত্মীয়।তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর বুধবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম ঢাকায় রওনা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় একটি মামলা করা হয় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের বিরুদ্ধে। এনামুল হক নামের একজন ব্যক্তি বিগত বছরের ৯ অক্টোবর মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়।

জানা যায়, ৪ অক্টোবর ২০২২ ইং তারিখে জাতীয় পরিচয়পত্র যাচাই সেবা গ্রহণ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ও আইসিটি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।সম্পাদিত চুক্তির অনুচ্ছেদ-২ অনুসারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নির্বাচন কমিশনের তথ্য-উপাত্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিময় বা বিক্রি করতে পারবে না। চুক্তির শর্তানুসারে ২০১৯ সালের এপ্রিলে ১১ কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্যের অনুলিপি তৈরি করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে দেওয়া হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এসব তথ্য ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক উদ্দেশ্যে সরবরাহ করে। ডিজিকন এসব তথ্য পরিচয় ডটকম নামক ওয়েবসাইটের মাধ্যমে ১৮২ টিরও বেশি দেশি-বিদেশি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করছে। ৫ বছর ধরে এসব তথ্য বিক্রি করে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

মামলার অভিযোগের সুত্রে জানা যায়, এজাহারে উল্লিখিত আসামিরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রিতে জড়িত।জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে তারা ডিজিকন নামক প্রতিষ্ঠানের মাধ্যমে নাগরিকের এনআইডি সহ ৪৬ ধরণের ব্যক্তিগত তথ্য চুরি ও দেশ-বিদেশে বিক্রি করে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।