একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

কক্সবাজারে খালে মিললো কিশোরের লাশ

জেসমিন জুঁই:

কক্সবাজার জেলা চকরিয়ায় খাল হতে মো. ইসমাইল (১৬) নামের এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৩ জুলাই সকাল ৮ টায় চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছায়রাখালী ভরাচর খাল হতে ইসমাইল এর লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য শাহ আলম বলেন, সকালে স্থানীয় লোকজন ছায়রাখালী স্টেশন এলাকায় ইসমাইল এর লাশ
দেখতে পায়। পরে স্থানীয় একটি খালে জেলেরা মাছ ধরার সময় ভাসমান লাশ দেখতে পেলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।লাশ উদ্ধারের পর ইসমাইলের মামা আলী আহমদ ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

এ বিষয়ে আলী আহমদ বলেন, আমার ভাগিনা মানসিক প্রতিবন্ধী ছিলো।জন্মের পর থেকে তার বাবা বেলাল উদ্দিনের খোঁজ নেই। তার মা পাহাড় থেকে লাকড়ি কুড়িয়ে বিক্রি ও শ্রমিকের কাজ করে সংসার চালান।

লাশ উদ্ধারের বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

নিহত ইসমাইল পার্শ্ববর্তী লামা উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বগাছড়ি বুড়ির দোকান এলাকার মো.বেলাল উদ্দিনের ছেলে।