মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুমন বড়ুয়া(রিপোর্টার):
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে উদয় দেবনাথ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ১২ এপ্রিল ২৫ ইং দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের পশ্চিম তেতৈয়া গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শিশুটির পিতা টিটু দেবনাথ জানান, শনিবার দুপুর ১২:৩০ মিনিটে অন্য শিশুদের সাথে বাড়ির সামনের পুকুরে স্নান করতে যায় উদয়।পুকুরে সে অন্য শিশুদের সাথে কলা গাছের ভেলা বানিয়ে খেলতে থাকে। একপর্যায়ে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে অন্য শিশুরা এসে উদয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানালে বাড়ির সকল সদস্য মিলে পুকুরে খোঁজাখুজির একপর্যায়ে উদয়কে পাওয়া যায়। পরবর্তীতে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিয়া জানান, পানিতে ডুবে যাওয়া উদয় দেবনাথ নামের এক শিশুকে শনিবার দুপুরে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।
নিহত উদয় পশ্চিম তেতৈয়া গ্রামের টিটু দেবানাথ ও পিংকিং দেবনাথে প্রথম পুত্র এবং তেতৈয়া নবতারা প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিলো।