একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

কাপ্তাই হ্রদে ১ মে হতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি

মঈন উদ্দিন মাহমুদ:
রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।আগামী ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে।

বুধবার ১৬ এপ্রিল ২৫ ইং তারিখে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এর সভাপতিত্বে রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।হ্রদের মাছের স্বাভাবিক প্রাকৃতিক প্রজনন ও মাছের বৃদ্ধি স্বাভাবিক রাখার লক্ষে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

বৈঠকে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধি ও হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাস হ্রদে মৎস্য আহরণ,বিপণন, সংরক্ষণ ও পরিবহণের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এসময় নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যসহায়তা (চাল) দেয়া হবে। পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, অতিরিক্ত জেলাপ্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, মৎস্য ব্যবসায়ী আব্দুল শুক্কুর, মাহফুজ আলমসহ খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।