চট্টগ্রামে নৌ পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার কেজি মাছ জব্দ, জরিমানা
সুমন বড়ুয়া:
চট্টগ্রামে নৌ পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার কেজি নিষিদ্ধ সময়ে আহরিত সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। এসময় ২ জনকে গ্রেপ্তারও করা হয়।
বুধবার ১৬ এপ্রিল ২৫ ইং দুপুরে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. একরাম উল্লাহ এর নেতৃত্বে এসআই বিকাশ সাহা সহ সঙ্গীয় ফোর্স বাকলিয়া থানার শাহ আমানত সেতুর শহরপাড় সংলগ্ন রাস্তায় বিশেষ অভিযানে মাছগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. একরাম উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি পুরাতন মিনি ট্রাক আটক করে তল্লাশীকালে ২০টি প্লাস্টিকের ড্রামে করে পাচারের সময় ১ হাজার কেজি পাতামাছ, ডগা পোয়া, ছোট চিংড়ি, ফাইস্যা ও লইট্যা মাছ আটক করা হয়।আটককৃত মাছের বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।
পরবর্তীতে সামুদ্রিক মৎস্য অধিদপ্তর, স্থানীয় আড়ৎ মালিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে খাবার উপযোগী হিসেবে ২০০ কেজি মাছ চিহ্নিত করা হয়, যা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। বাকি মাছ বিধিমতো ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ৩ ধারায় মামলা করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে মালিক পক্ষকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।এসময় আটককৃতদের ও ছেড়ে দেওয়া হয়।