বন্দর থেকে চসিকের ১০০ কোটি টাকার পৌরকর আদায়
নয়ন শীল:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কাছ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পৌরকর আদায় করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বুধবার ১৬ এপ্রিল ২৫ ইং বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের হাতে ১০০ কোটি টাকার চেকটি তুলে দেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মুনিরুজ্জামান।
পৌরকর গ্রহণকালে মেয়র বলেন, বর্তমানে নগরবাসীর মৌলিক অধিকার শিক্ষা ও স্বাস্থ্যে বছরে ৭০ কোটি টাকার বেশি ভর্তুকি দিচ্ছি আমরা। দায়িত্ব গ্রহণের পরই চসিকের এধরনের সেবাগুলো সচল রাখতে রাজস্ব আহরণ বৃদ্ধিতে জোর দেই। বন্দর থেকে পৌরকর আদায়ের বিষয়ে মন্ত্রণালয়ে তদবির করি। মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষের সহায়তায় এই ১০০ কোটি টাকা পাওয়ার ফলে নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবা বাড়াতে পারবে চসিক।
এসময় মেয়র ও বন্দর চেয়ারম্যান বন্দরের যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বন্দর চেয়ারম্যানের অনুরোধে মেয়র বন্দরকেন্দ্রিক ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে নির্দেশনা দেন। মেয়র জানান, বন্দরকে সচল রাখতে চসিক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
এসময় বন্দরের পক্ষে বন্দরের সদস্য (হার্বার এন্ড মেরিন) আহমেদ আমিন আবদুল্লাহ, সচিব মো. ওমর ফারুক এবং চসিকের পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।