একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

চুয়েটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ নেতা বহিষ্কার

বশিরুল ইসলাম:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার ১৭ মার্চ ২৫ ইং ক্যাম্পাসের শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির ২৮১তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।সিদ্ধান্ত অনুসারে ৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং ক্যাম্পাসের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে আরও ১২ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, বিগত বছরের জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং জনস্বার্থ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম হতে চুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সাবেক সহসভাপতি মো. ইমাম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌফিকুল রহমানকে দুই বছর এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিক জয়, সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম এবং তাহসিন ইশতিয়াককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।একই সাথে এই সাতজন শিক্ষার্থীকে ক্যাম্পাসের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ।এছাড়াও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও ১২ জন শিক্ষার্থীকে আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে চুয়েট ক্যাম্পাসের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মো. মাহবুবুল আলম জানান, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী এবং ক্যাম্পাসে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তাদের বিরুদ্ধে ডিসিপ্লিন বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।