খাগড়াছড়িতে শিক্ষার্থীকে অপহরণের দায়ে গ্রেফতার ২
খাগড়াছড়ি প্রতিনিধি:
প্রাইভেট পড়তে গিয়ে অপহরণের শিকার এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজু ত্রিপুরা (৪২) ও বাবুল মিয়া মুন্না (২৬) নামের ২ (দুই) জনকে গ্রেফতার করেছে খাগড়াছড়ির রামগড় থানা পুলিশের টিম।
মঙ্গলবার ১৮ মার্চ ২৫ ইং দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামগড় থানার তৈচালাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অপহৃত শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা যায়,রবিবার ১৬ মার্চ সকালে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১ বছর বয়সী ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার জন্য অটোরিকশায় উঠে। যাত্রাপথে অপহরণকারীরা শিক্ষার্থীকে স্কুল গেইটে না নামিয়ে দিয়ে জোরপূর্বক অপহরণ করে অন্যত্র নিয়ে যায়। পরে মেয়েটির চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা শিক্ষার্থীকে ছেড়ে দিয়ে অটোরিকশা যোগে পালিয়ে যায়।
অপহরণের বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন বলেন,আটক দুই ব্যক্তির নাম উল্লেখ করে শিক্ষার্থীর অভিভাবকের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজু ত্রিপুরা (৪২) ও অটোরিক্সা চালক বাবুল মিয়া মুন্না (২৬) কে গ্রেফতার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত রাজু ত্রিপুরা (৪২) রামগড় পৌরসভার তৈচালাপাড়া এলাকার মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে ও বাবুল মিয়া মুন্না (২৬) একই এলাকার মাধু মিয়ার ছেলে ।