একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

ঢাকায় গ্রেপ্তার হলেন সমালোচিত চসিকের সাবেক কাউন্সিলর জসিম

মঈন উদ্দিন মাহমুদ(রিপোর্টার):

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় বছরের পর বছর ধরে সরকারি একাধিক পাহাড় কাটা ও ভূমি দস্যুতার একাধিক মামলার আসামী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আলোচিত ও সমালোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম গ্রেপ্তার হয়েছেন।

বুধবার ৫ মার্চ ২৫ ইং গভীর রাতে ঢাকা থেকে চট্টগ্রামের আকবর শাহ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে আকবর থানা পুলিশের একটি সূত্র।তবে স্ত্রীর জামিন পেতে সাবেক কাউন্সিলর জসিম নিজেই ধরা দিতে বাধ্য হয়েছে বলে জানা যায়। পরে বিস্তারিত জানানো হবে বলে আকবর শাহ থানা পুলিশ পক্ষ হতে জানানো হয়।

১৬ ফেব্রুয়ারি আকবর শাহ থানা এলাকার এ কে খান মোড়ে ‘গ্রীন গুলবাহার টাওয়ার’ নামের একটি ১৪ তলা আবাসিক ভবনে সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম লুকিয়ে আছেন এমন সংবাদে ভিত্তিতে পুরো বিল্ডিং সারা রাত ঘেরাও করে রাখে স্থানীয় লোকজন।পরবর্তীতে সারা বিল্ডিংয়ে তল্লাশী চালিয়ে জসীমকে খুঁজে পায়নি পুলিশ।

সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে টাওয়ারটির একটি ফ্ল্যাট থেকে অভিযান চালিয়ে তাসলিমা বেগমকে (৪০) গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।

পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে। স্ত্রী গ্রেপ্তার হওয়ায় শেষ পর্যন্ত স্ত্রীর জামিন পেতে জসিম নিজে পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর আকবর এলাকায় বছরের পর বছর সরকারি একাধিক পাহাড় কেটে বিশাল সাম্রাজ্য গড়ে তুলছেন চসিকের সাবেক কাউন্সিলর জসিম। পাহাড় কাটা- ভূমি দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।