বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা আদায়
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
শহরতলী বোয়ালখালীর প্রধান সড়ক জুড়ে যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত পর্যবেক্ষনের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
আজ ৩মার্চ (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ বাজার, রেললাইনের উপর অবৈধ দোকান, ফুটপাতের হকার উচ্ছেদ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় বেশি দামে গরুর মাংস বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ডসহ ৪টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইন-চার্জ গোলাম সরোয়ার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার বোয়ালখালী আর্মি ক্যাম্প মুহাম্মদ ছাত্তার।
এসময় উপজেলা সদরের যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাগণকে সচেতন হওয়ার আহবান জানানোর পাশাপাশি পুরো রমজান মাস জুড়ে এ ধরণের অভিযান অব্যাহত রাখার হুশিয়ারি প্রদান করা হয়।
বোয়ালখালী থানা, বোয়ালখালী আর্মি ক্যাম্প ও বোয়ালখালী পৌরসভার সার্বিক সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।