একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা

বশিরুল ইসলাম:
চট্টগ্রামের বোয়ালখালীতে বোতলজাত সয়াবিন তেলে পরিমাণে কম থাকায় ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এসময় ঘটনাস্থল হতে ৬৩ লিটার সয়াবিন তেলও জব্দ করা হয়।

সোমবার ১০ মার্চ দুপুরের উপজেলার জোটপুকুর পাড় ও কানুনগোপাড়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, বোয়ালখালীর কানুনগোপাড়া বাজারে অভিযান চালিয়ে একটি মুদির দোকানে বোতলজাত সয়াবিন তেল পরিমাণে কম পাওয়ায় ৩৬ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অন্যদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এর নেতৃত্বে জোটপুকুর পাড় ও কানুনগোপাড়া বাজারে পরিচালিত অপর এক অভিযানে ‘গৃহিনী’ ও ‘চাঁদনী’ ব্র‍্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের বোতলে ১২০ মিলিলিটার তেল কম থাকায় লাকি স্টোরের উজ্জ্বল দেবকে ৫ হাজার টাকা ও রাসেল স্টোরের মো. রাসেল ৭ হাজার টাকা সহ সর্বমোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।এসময় ঘটনাস্থল হতে ২৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।