একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) এর গুলিতে মো. আল-আমীন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২৫ ইং সন্ধ্যায় উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭:৩০ মিনিটে পুটিয়া সীমান্তে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আল আমীন। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। রাত আনুমানিক ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল আমীন।
বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। মরদেহ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রয়েছে।কী কারণে তাকে গুলি করা হয়েছে তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সীমান্তে গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি।এসময় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ নিয়ে যায় বলে জানা গেছে। পরে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ এই বিষয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তখন মৃত্যুর বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।
নিহত আল আমীন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।